
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। ২৪ মার্চ মঙ্গলবার তারা মারা যান। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে এলমাস্ট হাসপাতালে মারা গেছেন একজন পুরুষ (৬০) এবং দুজন নারী, তাদের মধ্যে একজনের বয়স ৭০ ও অপর জনের ৪২। এছাড়াও প্লেইনভিউ হাসপাতালে ৫৭ বছর বয়সী আরো একজন পুরুষের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এমন তথ্য নিশ্চিত করেন । এ বিষয়ে বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার জানান, মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে, আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারি কাজে নিয়োজিত। এমনকি তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
মাজেদা আক্তার আরো জানান, আমরা যারা বাংলাদেশি কমিউনিটর উন্নয়নের জন্য কাজ করি তাদের মেয়র অফিসে থেকে বাংলাদেশিদের মৃত্যু সংবাদগুলো জানানো হয়। আমরা যেন বাংলাদেশিদের এই ভাইরাস সম্পর্কে সতর্ক করি সে বিষয়েও বলা হয়েছে। এছাড়া বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এর আগে ২৩ মার্চ নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে আমিনা ইন্দ্রালিব তৃশা (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। এর আগের সপ্তাহে এই ভাইরাসে আরো দুই বাংলাদেশি মারা যান।