
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইতালির ৭২ বছর বয়সী খ্রিষ্টান ধর্মযাজক জুয্যাপো বিআরদালি। তাঁকে দেওয়া হয়েছিল লাইফ সাপোর্ট। কিন্তু তা খুলে অচেনা এক কম বয়সী রোগীকে দেওয়ার নির্দেশ দেন তিনি। ওই রোগী তাঁর পরিচিত কেউ নন। এই ফাদারের মৃত্যু হয়েছে দিন দশেক আগে। করোনাভাইরাস সারা দুনিয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, মৃত ও আক্রান্তের হার প্রতিদিন বেড়েই যাচ্ছে। ভয়াবহ সংকটের সময় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে মানুষ। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও আরেকজনের জীবন বাঁচাতে ফাদার জুয্যাপোর মতো মানুষের কাহিনিও আছে।
ইতালির কাসনিগোর জুভার্নি বাতিসতার একটি চার্চের ফাদার হলেন জুয্যাপো বিআরদালি। ধর্মযাজক জুয্যাপো বিআরদালি গত ১৫ বা ১৬ মার্চ মারা যান বলে খ্রিষ্টানদের পরিচালিত বিভিন্ন অনলাইনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ইতালিতে করোনাভাইরাস ভয়াবহভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর চিকিৎসাসেবা দেওয়ার পর্যাপ্ত সরঞ্জামের অভাব দেখা দেয়। দেশটিতে চীন ও রাশিয়া ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছে।
ফাদার জুয্যাপো ইতালির বার্গামোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতালিতে এই শহরটিতে বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন খ্রিষ্টান ধর্মযাজক মারা গেছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাবমতে, ইতালিতে এখন পর্যন্ত ৬৯ হাজার ১৭৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ হাজার ৮২০ জন।