
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নতুন এক পদ্ধতি আশার আলো দেখাচ্ছে। এ ভাইরাসের চিকিৎসায় নতুন ব্লাড-প্লাজমা থেরাপি সহায়ক হচ্ছে বলে জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ইয়ান লিপকিন। এ পদ্ধতিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা কোনো ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে তা ১০ জনের দেহে প্লাজমা থেরাপির মাধ্যমে প্রয়োগ করা হয়। তারা সবাই এখন সুস্থ আছেন। লিপকিন বলেন, এটা একেবারে অবশ্য নতুন পদ্ধতি নয়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে এ পদ্ধতি ব্যবহার করা হতো। এটি এক্ষেত্রেও কাজ করেছে। ডা. ইয়ান লিপকিন বৃহস্পতিবার (২৬ মার্চ) ফক্সনিউজের ‘লো ববস টুনাইট’ শোতে গিয়ে নিজের এই চিকিৎসা পদ্ধতির কথা তুলে ধরেন। এ নিউরোলজি অ্যান্ড প্যাথলজি বিশেষজ্ঞ বলেন, করোনার বিরুদ্ধে লড়তে তিনি গত জানুয়ারিতে চীনে গিয়েছিলেন। সম্প্রতি তিনি একটি গবেষণাপত্রে দেখছেন, রোগীরা সফলভাবেই প্লাজমা-থেরাপি চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ যারা এ থেরাপি নিয়েছেন তারা সুস্থ হয়ে উঠেছেন।