
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার সংকল্প নিল জি-২০ ভূক্ত দেশগুলি। করোনার জেরে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মোকাবিলায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার আর্থিক ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিল জি-২০। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী করোনার জেরে মূল্য চোকাতে হবে অর্থনীতিকে। তার মোকাবিলায় চাই পোক্ত পরিকল্পনা। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের দাবিও তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্য সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা।
বৈঠকে স্থির হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে নতুন করে ঢালা হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। অতিমারী করোনার মোকাবিলায় একজোট হয়ে বৃহত্তর প্রেক্ষাপটে স্বচ্ছ, বৃহদাকার ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ দরকার। এর পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় করোনার প্রতিষেধক আবিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী G-20 কে প্রস্তাব দিয়েছেন, চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সদস্য দেশগুলিকে আরও খোলামেলা মনোভাব দেখাতে হবে। এর পাশাপাশি গত শতাব্দীর ব্যবস্থা ছেড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পক্ষেও সওয়াল করেন নরেন্দ্র মোদী। তাঁর যুক্তি, প্রতিষেধক আবিষ্কার বা আগে ভাগে সতর্কতা থেকেও করোনার মতো অতিমারীর মোকাবিলায় হু এর কাছে কোনও ব্যবস্থাই ছিল না। এর ফলে WHO-র সংস্কার ও অধিক ক্ষমতায়ন এখন দরকার।