
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমন রোধে কোয়ারেন্টাইন এখন অনেকের কাছে বেশ পরিচিত শব্দ। বলা হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বা বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে থাকতে হবে। তবে এবার কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে বাড়ির বদলে গাছ। যাকে ট্রি কোয়ারেন্টাইন বলা হচ্ছে। অভিনব এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বলরামপুর থানার অযোধ্যা পাহাড় লাগোয়া ভাঙ্গিডিহ গ্রামে। লকডাউনের কারণে চেন্নাই থেকে গত সোমবার গ্রামে ফেরা সাত আদিবাসী ৭জন শ্রমিক নিজেদেরকে ট্রি কোয়ারেন্টাইনে রেখেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রামে তাদের এক কামরার মাটির ঘর থাকলেও পরিবারের সংক্রমণের কথা চিন্তা করে সোমবার থেকে তারা স্বেচ্ছায় গাছেই রয়েছেন। গ্রামের বাইরের একটি বট গাছ ও দুটি আমগাছে তারা কোয়ারেন্টাইনে রয়েছেন। গাছের ডালের মধ্যে তারা খাটিয়া পেতে মশারি টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তাদের পরিবারের সদস্যরা রান্না করে গাছের নীচে রেখে যান। পরে তারা নিদৃষ্ট সময়ে খাবার খেয়ে নিজেরাই বাসনপত্র ধুয়ে রেখে দেন।
তাদের একজন বিজয় সিংহ সাংবাদিকদের জানান, শনিবার চেন্নাই থেকে ট্রেনে চেপে রবিবার খড়গপুরে ফিরি। ডাক্তাররা তাদের দেহে করোনার কোনো লক্ষণ পাননি। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়েছিলেন। সেকারণেই সোমবার গ্রামে ফিরলেও গ্রামের ভিতরে প্রবেশ করেননি বলে জানান তিনি। দলের আরও একজন জানান, বন্ধুদের মাধ্যমে সাতটি খাটিয়া ও মশারি যোগাড় করেছি। তবে গাছে কোয়ারেন্টাইনের কারন জানতে চাইলে তারা জানান, হাতির হানার ভয়েই মুলত তারা গাছের ডালে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।