
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এক মার্কিন শিশু মারা গেছে। শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে তাদের মধ্যে এক শিশুও রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মারা যাওয়ার বিষয়টি একেবারেই বিরল। ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, ইলিনয়ের শিকাগোতে যে শিশুটি মারা গেছে, তার বয়স এক বছরেরও কম। পরীক্ষায় তার করোনা ধরা পড়েছে। ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রধান বলেছেন, এই খবরে তিনি একটা ধাক্কা খেয়েছেন। তিনি শিশুদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন।আগে কখনো করোনায় কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া গত সপ্তাহে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক কিশোরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জনে পৌঁছেছে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৫০ জন। প্রাণহানি ঘটেছে ২ হাজার ২২৭ জনে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। এখানে ৯২ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন, ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর স্পেনে মৃত্যুর সংখ্যা ৫ হাজারের বেশি। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য প্রকাশ করেছে।