
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বয়স্ক মানুষেরা। বিশ্বজুড়ে এ ভাইরাসে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই বৃদ্ধ বলে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আর এ ভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বেশি বলেও গবেষক-ডাক্তাররা বলেছেন। তবে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আর তার সুস্থ হওয়ার খবরে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে।
তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বয়স্ক নারী যিনি করোনা থেকে মুক্তি পেয়েছেন। সম্ভবত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যে কি-না প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এর থেকে পরিত্রাণ পেয়েছেন। যদিও এটি এখনও প্রমাণিত নয়। বুধবার (২৫ মার্চ) তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৩ মার্চ তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে বিশেষভাবে চিকিৎসা দেয়া হয়।