
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর প্রেক্ষাপটে যেসব মার্কিন নাগরিক সোমবার একটি বিশেষ বিমানে করে ঢাকা থেকে আমেরিকার উদ্দেশে রওনা হচ্ছেন তারা তাদের ব্যক্তিগত ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।রোববার (২৯ মার্চ) রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সরকার কাউকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে জোর করছে না, এটি হচ্ছে, পরিস্থিতি সম্পর্কে তারা (প্রত্যাবাসীরা) যা জানে এবং যে পরিস্থিতিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তার উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত ইচ্ছায়।বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তারের কারণে আটকা পড়া যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ওয়াশিংটন ডিসিতে ফিরে যেতে চাচ্ছে তাদের জন্য আগামীকাল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস।মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলেন, এই ধরণের ব্যবস্থা কেবল বাংলাদেশে হচ্ছে শুধু তাই নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের ২৮টি দেশ থেকে প্রায় ১০ হাজার মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।তিনি বলেন, এটা শুধু বাংলাদেশেই ঘটছে না এবং এটি বাংলাদেশের জন্য নতুন করা হয়নি।