News71.com
 International
 31 Mar 20, 10:01 PM
 297           
 0
 31 Mar 20, 10:01 PM

অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই॥ ডব্লিউএইচও

অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই॥ ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্কঃ যদি কেউ নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত না হন এবং ভাইরাসটিতে আক্রান্ত কোনো রোগীর সেবা ও পরিচর্যা না করেন, তবে তাদের মাস্ক না পরার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, গণহারে মাস্ক পরায় কোনো সুবিধা রয়েছে বলে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। মাস্কটি সঠিকভাবে না পরার কারণে বিপরীতে কিছু হওয়ারই প্রমাণ পাওয়া গেছে।

মাইক রায়ান আরও বলেন, বৈশ্বিকভাবে মাস্ক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের ব্যাপক সংকট দেখা দিয়েছে। যেসব স্বাস্থ্যকর্মী রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন বর্তমানে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। কেননা তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে ভাইরাসটির সংস্পর্শে আসছেন। তাদের মাস্ক না থাকার বিষয়টি ভয়াবহ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মারিয়া ভ্যান কারকোভ সংবাদ সম্মেলনে বলেন, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা তাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। ডা. মারিয়া ভ্যান আরও বলেন, কমিউনিটির মানুষজনকে আমরা মাস্ক পরার সুপারিশ আমরা ততক্ষণ পর্যন্ত করবো না, যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হন। কেননা শুধু অসুস্থ হলেই আপনার মাধ্যমে ভাইরাসটি ছড়াবে। আমরা তাদেরকেই মাস্ক পরার সুপারিশ করবো যারা অসুস্থ এবং যারা অসুস্থদের সেবা দিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন