
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী দিনগুলোতে কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর এএফপি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে হারে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা বাড়ছে তাতে আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। এ পরিস্থিতিকে মহামারি রোগ প্লেগের সঙ্গে তুলনা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, আগামী দুই সপ্তাহ আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে কঠিন এ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কড়াকড়িভাবে সামাজিক দূরত্বের নিয়ম বজায় রাখতে পারলেই শুধু সংক্রমণ রোধ সম্ভব। অর্থনীতির ক্ষতি হলেও এ ব্যবস্থার বিকল্প নেই।