
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত চলতি সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেছেন, ‘এই সঙ্কট কঠিন অর্থনৈতিক মন্দা নিয়ে আসতে পারে, সম্ভবত যার তুল্য নজির সাম্প্রতিক ইতিহাসে নেই।’ কোভিড-১৯ নামের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে প্রতিবেদন প্রকাশ কালে আজ ১ এপ্রিল, বুধবার এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘নতুন করোনাভাইরাস রোগ সমাজগুলোর মর্মমূলে আঘাত হানছে, মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে। জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে।’
সংক্রমণ রোধ করতে ও মহামারীর ইতি ঘটাতে আশু সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেয়ার আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব। সেইসাথে তিনি শিল্পোন্নত দেশগুলোর প্রতি স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে আড়াই কোটি কর্মসংস্থান নষ্ট হতে পারে। সেইসাথে এই প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগের ধারায় ৪০ শতাংশ অবনমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়েই মৃতের সারি শুধু বেড়েই চলেছে। প্রথম শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে গোটা পৃথিবীর ৪২ হাজার ১৫১ জন মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন।