
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের হার কিছুটা কমেছে। করোনা ভাইরাসে ইতালিতে লণ্ডভণ্ড অবস্থা। সেই সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। মঙ্গলবার (১ এপ্রিল) প্রায় ছয় ঘণ্টার টেলি কনফারেন্সে উত্তপ্ত বাক্য বিনিময় করেছে ছয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিরা। জরুরী অর্থ সরবরাহের জন্যে করোনা বন্ড নামে একটি বন্ড বাজারে আনার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডের নেতৃত্বে উত্তর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিরোধিতায় প্রস্তাবটি নাকচ করে ইইউ। এদিকে সমগ্র ইতালির সাধারণ জনগণকে যে সাহায্য সহযোগিতা দেয়া হবে তা ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। এদিকে বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে আশঙ্কা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এখনো করোনা পরিস্থিতির কোন স্বস্তির খবর মেলেনি।