
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, মহামারি করোনা ভাইরাসের এ সময়ে অস্ট্রেলিয়ার নাগরিক ছাড়া আর কারো কোনো দায়িত্ব নেবে না সরকার। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) স্কট মরিসন আরও বলেন, শুধু অস্ট্রেলিয়ার নাগরিক হলেই তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। যারা অস্থায়ী ভিসা নিয়ে এদেশে আছেন তাদের দ্রুত নিজেদের দেশে ফিরে যেতে হবে। আমাদের নিজেদের রক্ষা করার জন্যই এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।এ মুহূর্তে প্রায় প্রায় পাঁচ লাখ বিদেশি শিক্ষার্থী এবং বিশ লাখ ‘হলিডে ওয়ার্কার’ অস্থায়ী ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এদের সবাইকেই অস্ট্রেলিয়া ত্যাগ করতে হবে।যে সব বিদেশি ছাত্রী নার্সিং বিষয়ে পড়ছেন তাদের অস্ট্রেলিয়া না ছাড়তে পরামর্শ দেয়া হয়েছে। কারণ কোভিড-১৯ এর জন্য সরকার ইতোমধ্যেই দেশের সব প্রাইভেট হাসপাতাল এবং বেশ কয়েকটি পাঁচতারকা হোটেল দ্রুত চিকিৎসা সুবিধার জন্য সরকারি ব্যবস্থাপনায় নিয়ে এসেছে। সেখানে প্রচুর নতুন চিকিৎসক ও নার্স প্রয়োজন। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ছয় হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী অস্থায়ী ভিসায় আছেন। হঠাৎ করে অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তে এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।