
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেলো ২৪ ঘণ্টায় দেশটির সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যকার সংঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছে।এদের মধ্যে ৯ জন বিচ্ছিন্নতাবাদী। দুইজন ভারতীয় বাহিনীর সদস্য। গুরুতর আহত হয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য চিকিৎসাধীন বলেও জানানো হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, রোববার সকালে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার উত্তরাঞ্চলীয় কেরানে ৫ বিদ্রোহী মারা যায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হন।একইদিন কুলগামে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে চার বিদ্রোহী নিহত হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে কাশ্মীরসহ পুরো ভারত যখন লকডাউন তখন হতাহতের এ ঘটনা ঘটলো।