
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা থাবা বসিয়েছে রাজধানী শহর দিল্লিতে। নিজামুদ্দিন মার্কাজের ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে দিল্লি সহ গোটা দেশের। তাই আরও করোনা পরিস্থিতি সামাল দিতে দ্রুততার সঙ্গে সক্রিয় হচ্ছে দিল্লি সরকার। মঙ্গলবার জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই একলাখের বেশি করোনা পরীক্ষা করবে কেজরিওয়াল সরকার। শুধু তাই নয়, করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন জায়গাগুলিতে র্যানডম টেস্ট অর্থাৎ সকলকেই করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও, যারা করোনা আক্রান্তদের আলাদা রাখতে বিশাল সংখ্যায় তৈরি করা হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার। দিল্লির পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যায় হ্রাস টানতে নজর দিয়ে তৈরি হয়েছে ফাইভ পয়েন্ট প্ল্যান। মঙ্গলবার দুপুর ১টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 5 point plan নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। বিস্তারিতভাবে তুলে ধরবেন কি এই ফাইভ পয়েন্ট প্ল্যান এবং কিভাবে এই পাঁচ অস্ত্র পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। ভারতে মোট সংক্রমণের একটা বিরাট অংশ দিল্লিতেই হয়েছে। নিজামুদ্দিন মার্কাজে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের পরে হু হু করে বেড়ে গিয়েছে সংক্রমণ। তাঁদের মধ্যে বিরাট অংশ ছড়িয়ে পরেছে দেশের বিভিন্ন প্রান্তে।
ইতিমধ্যে ২২টি সম্ভাব্য হটস্পট চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক। এই ২২টি উদীয়মান কেন্দ্রগুলিতে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত শূন্যে নামিয়ে আনা যায় তার জন্য নতুন রোগীদের বিচ্ছিন্ন করা হচ্ছে। কেন্দ্র্রের মতে, এখনও পর্যন্ত ব্যাপক সম্প্রদায়-সংক্রমণের কোনও প্রমাণ নেই। তাই হটস্পটগুলিতে বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সচিব অরুণ সিংহল বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হটস্পটগুলি নিয়ে আলাদা করে ভাবছে কেন্দ্র। লকডাউন ওঠার আগে কেন্দ্রীয় বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। উল্লেখ্য, নিজামুদ্দিনে তাবলিগি জামায়াত আয়োজিত অনুষ্ঠানের ফলে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে বেশি। পরিসংখ্যানবিদরাও ভারতের জনসংখ্যার কথা বিবেচনা করে হটস্পটগুলি সনাক্ত করতে হিমসিম খাচ্ছে। এখন হটস্পটগুলি চিহ্নিত করে সেগুলিতে লকডাউন বাড়ানোর ভাবনাও রয়েছে। অন্য এলাকাগুলিতে লকডাউন শিথিল করা হতে পারে। কিন্তু ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগে হটস্পট চিহ্নিত করাই এখন মস্তবড় চ্যালেঞ্জ।