
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে করোনা আক্রান্ত দেশে চাহিদা মোতাবেক ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে প্রাথমিকভাবে যে সব দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেশি সেই সব দেশেই এই প্রতিষেধক পাঠানো হবে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।সম্প্রতি করোনা ভাইরাসে কার্যকরী ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইন সরবরাহের জন্যে ভারতকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রপ্তানির উপরে ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকায় ভারত কিছুটা গড়িমসি করতে থাকে। আর তাই ক্ষুব্ধ হয়ে গতকাল সোমবার ভারতকে ট্রাম্প বলেন, এই বৈশ্বিক দূর্যোগের সময় ভারত যদি ওই অতি প্রয়োজনীয় হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই ওষুধের সরবরাহের ব্যবস্থা না করে তবে এর যথাযোগ্য উত্তর দেয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কড়া বার্তার পরই আজ নড়েচডে বসে ভারত সরকার । মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, করোনা মহামারির প্রভাব দেখে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক বিশ্বের সংহতি ও সহযোগিতা বজায় রাখবে দেশ। করোনা ভাইরাস থেকে নিরাময়ে সক্ষম প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ৭৮৩ জন আর আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।