
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে করোনাভাইরাস বিস্তারের পেছনে ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) পরোক্ষ ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে নানা রকম আলোচনা-সমালোচনার পর ঐ গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে মার্চে এক সমাবেশে যোগ দেয়া তাদের পাঁচজন সদস্য করোনাভাইরাসে মারা গেছেন। এখন পর্যন্ত কমপক্ষে ২১ জন আক্রান্ত হয়েছেন।ইসকন ইউকে শাখার শীর্ষ কর্মকর্তা প্রাঘোসা দাসকে উদ্ধৃত করে গোষ্ঠীর প্রকাশনা ইসকন নিউজে বলা হয়েছে, মার্চের ১২ তারিখে লন্ডনের উপকণ্ঠে ইসকনের এক মন্দিরে তাদের একজন গুরুর শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় হাজার খানেক সদস্য হাজির ছিলেন। দু'দিন পর ১৫ মার্চ লন্ডনের কেন্দ্রে তাদের আরেকটি মন্দিরে শ্রুতিধর্ম প্রভু নামে প্রয়াত ঐ গুরুর স্মরণসভাতেও কয়েকশ মানুষ অংশ নিয়েছিলেন।
ইসকন স্বীকার করেছে, এখন পর্যন্ত তাদের যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যে পাঁচজন মারা গেছেন। তারা সবাই ঐ দুটি অনুষ্ঠানে শরীক হয়েছিলেন। বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী সদস্য রয়েছেন, তাদের অনেকের বয়স এমনকি 'বিশ এবং তিরিশের কোটায়। শেষকৃত্যে অংশ নেয়া তাদের আরো সদস্য যে সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে আশঙ্কার কথাও ইসকন কর্তৃপক্ষ উড়িয়ে দেয়নি। তবে আক্রান্তের সংখ্যা কমপক্ষে একশ বলে সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে যে দাবি করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে ইসকন।একইসঙ্গে মার্চের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে এত বড় সমাবেশ কেন তারা করলো- তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছে ইসকন কর্তৃপক্ষ। ইসকন নিউজের রিপোর্টে বলা হয়েছে, তাদেরকে দোষারোপ করার আগে সমাবেশের সময়কালকে বিবেচনা নেয়া উচিত।তাদের যুক্তি, ব্রিটিশ প্রধানমন্ত্রী মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মার্চের ২৩ তারিখে, কিন্তু তাদের ঐ শেষকৃত্য অনুষ্ঠানটি হয়েছে তারও ১০দিন আগে।