
আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড নাইনটিনের নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় সব দেশের অর্থনীতির ওপর। উন্নতদেশ থেকে শুরু করে সব দেশই হিমশিম খাচ্ছে এ ভাইরাসের মহামারি সামলাতে। প্রণোদনা, ঋণ, আর্থিক সহায়তা, কোনকিছুই আটকাতে পারছে না ভয়াবহ আর্থিক মন্দার আশঙ্কা। গবেষণা সংস্থাগুলোর সতর্ক বার্তা, চরম আর্থিক ক্ষতি অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য।কোভিড নাইনটিন সংক্রমণে স্বাস্থ্যখাতে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। আর্থিক খাতের বিপর্যস্ত অবস্থা বেড়েই চলছে দিনদিন। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানির অর্থনীতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ ৯ দশমিক ৮ শতাংশ কমতে পারে। যা ১৯৭০ কিংবা ২০০৯ সালের পর সর্বোচ্চ ক্ষতি। মন্দার মুখে পড়তে পারে দেশটির অর্থনীতি।কোভিড নাইনটিনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার কোটি ডলার ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে ইতালির সরকার। এরমধ্যে ২০ হাজার কোটি ডলার দেয়া হচ্ছে ইন্টারনেট মার্কেটের জন্য। বাকি ২০ হাজার কোটি ডলার দেয়া হচ্ছে রফতানি বাণিজ্যে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর দেশটির অর্থনীতি ৬ শতাংশ কমবে।কোভিড নাইনটিন সংকটে ক্ষতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তায় বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে রাশিয়া। কিস্তিতে কর পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। বিভিন্ন ঋণ পরিশোধে বাড়ানো হবে মেয়াদ। পাশাপাশি যারা কর্মস্থলে যেতে পারছেন না, তাদের দেয়া হবে বেতন।