
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির মাফিয়া চক্র এবার নতুন উপায়ে দেশটির সরকারকে চাপে ফেলে দিচ্ছে। জানা গেছে, যে সব অঞ্চলের মানুষ গত এক মাস ধরে কোনো ধরনের কাজ করতে পারছেন না, তাদেরকে খাবার ও নগদ টাকা দিচ্ছে মাফিয়ারা।সম্প্রতি প্রকাশিত হওয়া কিছু ভিডিওচিত্র দেখা গেছে ক্যাম্পানিয়া, ক্যালাব্রিয়া ও সিসিলির মতো শহরের বিভিন্ন অঞ্চলে খাবার দিচ্ছে মাফিয়ারা। এ ছাড়া গত এক মাস ধরে একটি টাকাও উপার্জন করতে পারেনি, এমন পরিবারকে নগদ অর্থ সাহায্যও দিচ্ছে তারা।
উদ্ভুত পরিস্থিতিতে মাফিয়ারা বিশেষ সুবিধা আদায় করে নিতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামার্জেস। তিনি বলেন, 'দারিদ্র বেড়ে যাওয়া এবং চাকরির বাজার পড়ে যাওয়ার সুবিধা নিতে পারে মাফিয়ারা।' তিনি এও বলেছেন যে, বিনামূল্যে খাবার বিতরণ করে, বাড়িতে বাড়িতে পাস্তা পৌঁছে দিয়ে, কিংবা ময়দা বা দুধ পৌঁছে দিয়েও জনগণের কাছ থেকে সুবিধা নিতে পারে মাফিয়া চক্র। এ দিকে পুলিশও বসে নেই। মাফিয়ারা যাতে অভাবগ্রস্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নামে তাদের কাছে নিজেদের প্রভাব বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।