
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের আক্রমণে আমেরিকা অচল হয়ে পড়েছে। কত দিন এই অবস্থা চলবে, তাও অনিশ্চিত। এই অবস্থায় আগামী নভেম্বরে নির্ধারিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যথাসময়ে হবে কিনা, তা নিয়ে সন্দেহ জেগেছে। কোনো কোনো অঙ্গরাজ্যে বাছাই পর্বের নির্বাচন পিছিয়ে দেওয়ায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অবস্থান খোলাসা না করলেও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেন জোর দিয়েই বলেছেন, তিনি চান যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক। এমনকি করোনা সংকট অব্যাহত থাকলেও। তিনি প্রস্তাব করেছেন, ভোটারেরা যদি ব্যক্তিগতভাবে ভোট দিতে অসমর্থ হন, তাহলে ডাক মারফত ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হোক। এনবিসি টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই শাসনতান্ত্রিকভাবে পূর্ব-নির্ধারিত নির্বাচন পিছিয়ে দিতে পারি না।’
মার্কিন শাসনতন্ত্রে স্পষ্ট বলা আছে, প্রতি চার বছর অন্তর নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কোনো কারণে পূর্ব নির্ধারিত তারিখে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে নতুন তারিখ নির্ধারণের দায়িত্ব মার্কিন কংগ্রেসের। যদিও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকবে, সে প্রশ্নে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন শাসনতন্ত্রে বলা আছে, চার বছর দায়িত্ব পালনের পর জানুয়ারির ২০ তারিখে বর্তমান প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট তাঁদের মেয়াদ শেষ করবেন। অন্যভাবে বললে, কোনো কারণে এ বছর যদি নির্বাচন সময়মতো নাও অনুষ্ঠিত হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর ক্ষমতায় থাকবেন না। সেখানে কে দায়িত্ব গ্রহণ করবেন, সেটি স্পষ্ট নয়, তবে এ প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকবে মার্কিন ফেডারেল ব্যবস্থার অন্তর্গত অঙ্গরাজ্য সমূহের। নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, এই দুশ্চিন্তা থেকে ডেমোক্রেটিক নেতৃত্ব ডাক মারফত ভোট দেওয়ার ওপর জোর দিচ্ছেন। কিন্তু রিপাবলিকান নেতৃত্ব সে প্রস্তাবে সম্মত নন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডাক মারফত ভোটে কারচুপির সুযোগ থাকে। সে কারণে তিনি কিছুতেই এই ব্যবস্থা মেনে নেবেন না। তিনি শুধুমাত্র বয়স্কদের জন্য এই সুযোগ রাখার পক্ষে।
বিশেষজ্ঞেরা বলছেন, রিপাবলিকান নেতৃত্ব বরাবরই ডাক মাধ্যমে ভোটের বিরোধী। কীভাবে আফ্রিকান-আমেরিকান ও অন্যান্য ভোটারদের ভোট দেওয়ার অধিকার সংকুচিত করা যায়, সে চেষ্টা তারা বরাবরই করে এসেছে। ডাক মারফত ভোট ব্যবস্থা দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের পছন্দ, যাদের একটা বড় অংশ ডেমোক্রেটিক পার্টির সমর্থক। রিপাবলিকানদের ডাক মাধ্যমে ভোটের বিরোধিতার সেটাই আসল কারণ।
রিপাবলিকান বিরোধিতা সত্ত্বেও করোনাভাইরাসের কারণে নভেম্বরের নির্বাচনে ডাক মারফত ভোট দেওয়ার সুযোগ সম্প্রসারণের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। অঙ্গরাজ্যগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, নভেম্বরের নির্বাচনে ডাক মারফত ভোটের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে বর্ধিত বরাদ্দ রাখতে হবে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে দুই ট্রিলিয়ন ডলারের অধিক বরাদ্দ সংবলিত যে প্রণোদনা বরাদ্দ বা স্টিমুলাস প্যাকেজ গৃহীত হয়েছে, তাতে রাজ্য পর্যায়ে নির্বাচনী ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ৪০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা রাখা হয়েছে। ডেমোক্রেটিক নেতৃত্ব পরবর্তী প্রণোদনা প্যাকেজে এই বরাদ্দ আরও বাড়াতে চান।