News71.com
 International
 12 Apr 20, 06:54 PM
 388           
 0
 12 Apr 20, 06:54 PM

করোনা মোকাবিলায় সকল ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব॥

করোনা মোকাবিলায় সকল ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলা এবং বিশ্ব শান্তির জন্য সকল ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার উৎসব এবং মুসলিমদের আসন্ন পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে শনিবার এ আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমরা জানি এই অনুষ্ঠানগুলো বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিশেষ সময়। এসময় পরিবারগুলো একত্রিত হয়, একে অপরকে আলিঙ্গন করেন, হাত মেলান। কিন্তু এটি অন্য সময়ের মতো নয়।’ বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৮ লাখের কাছাকাছি এবং এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজারেরও বেশি মানুষের।

রাস্তাগুলো নিঃশব্দ, দোকানগুলো বন্ধ এবং উপাসনালয়গুলোতে মানুষ নেই উল্লেখ করে গুতেরেস বলেন, ‘এটি একটি অদ্ভূত, পরাবাস্তব বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন শহর চালু রাখতে এখনও যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং করোনাভাইরাসের বিরুদ্ধে যেসকল স্বাস্থ্যকর্মীরা বীরের মতো সামনের সারিতে থেকে কাজ করছেন, আসুন আমরা তাদের জন্য বিশেষভাবে চিন্তা করি।’

গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যেও যারা বেশি ঝুঁকিতে’ অর্থাৎ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, শরণার্থী শিবির ও বস্তির বাসিন্দা, যারা করোনা মোকাবিলার জন্য ভালোভাবে প্রস্তুত নয়, তাদের বিষয়ে ভাবারও সময় এসেছে। ‘আসুন আমরা একে অপরের প্রতি আবারও বিশ্বাস স্থাপন করি এবং নৈতিকতা বিবেচনায় একে অপরের প্রতি যত্নবান হই। এছাড়া তিনি আরো বলেন, ‘সহযোগিতা, সংহতি এবং মানবতার প্রতি বিশ্বাস রেখে আমরা একসাথে এই ভাইরাসকে পরাজিত করতে পারি এবং করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন