
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী নভেল করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তদের ৮০ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠছে। গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ শতাংশ মানুষের। চিকিত্সায় থাকা ৯৬ শতাংশ মানুষের মধ্যে মৃদু সংক্রমণ দেখা গেছে। মাত্র ৪ শতাংশ মানুষের সংক্রমণ গুরুতর। গতকাল পর্যন্ত বিশ্বে আক্রান্ত ১৯ লাখ ৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এক বন্ধুও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্পেনে আক্রান্তের সংখ্যা কমায় লকডাউন শিথিল করা হয়েছে। ভারতেও কিছু শিল্পকারখানা খুলে দেওয়ার চিন্তা চলছে। করোনা ভাইরাসকে সোয়াইন ফ্লুর চেয়ে ১০ গুণ বেশি ভয়াবহ বলে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
গতকাল সোমবার রাত সোয়া ১২ টা পর্যন্ত ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, বিশ্বে আক্রান্ত ছিল ১৯ লাখ ৯ হাজার ১৮০ জন। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ১৮ হাজার ৪৯৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪০ হাজার ২৭৩ জন, যা শতকরা হিসেবে ৭৯ ভাগ। ১২ লাখ ৯৮ হাজার ৮৯৭ জন মানুষের মৃদু সংক্রমণ হয়েছে। সংকটজনক অবস্থায় আছে ৫১ হাজার ৫১৩ জন। একই সময়ে জনস হপকিনস ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বে ১৮ লাখ ৮৩ হাজার ১১৯ জন আক্রান্ত এবং সুস্থ হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪৯২ জন। সুস্থদের মধ্যে চীনে ৭৮ হাজার ৩৯, যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৩৩, স্পেনে ৬৪ হাজার ৭২৭, ইতালিতে ৩৫ হাজার ৪৩৫ এবং জার্মানিতে ৬৪ হাজার ৩০০ এবং যুক্তরাজ্যে মাত্র ৩০৩ জনের সুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে।