
আন্তর্জাতিক ডেস্কঃ সংসদ নির্বাচনে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুন জায়ে ইনের দল বিপুল বিজয় পেয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় আগ্রাসী পদক্ষেপেই এসেছে এমন সফলতা। করোনাভাইরাসের মহামারির মধ্যেই গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংক্রমণ রোধে সব ধরনের কড়া ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেন দেশটির নাগরিকেরা। এই মহামারির মধ্যেও ভোট পড়েছে ৬৬ শতাংশ। যা গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে ৩০০ আসন রয়েছে। প্রেসিডেন্ট মুনের মিনজু (গণতান্ত্রিক) পার্টি পেয়েছে ১৬৩ আসন।
প্ল্যাটফর্ম পার্টি পেয়েছে ১৭ আসন। এই দু’টি দল মিলেই গঠিত হবে জোট। যাদের মোট আসন সংখ্যা দাঁড়াবে ১৮০টিতে। ৩৫টি দলের প্রার্থীরা নির্বাচনে থাকলেও মূল লড়াই হয়েছে ক্ষমতাসীন মিনজু (গণতান্ত্রিক) পার্টি ও প্রধান বিরোধী দল ইউনাইটেড ফিউচার পার্টির মধ্যে। রক্ষণশীল ফিউচার পার্টি ও সমমনা দলগুলোর জোট ১০৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় বামপন্থি দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হলো।
এবারের নির্বাচনের কেন্দ্রে ছিল করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ভূ’মিকার বিষয়টি। এর সঙ্গে যুক্ত হয় মহামারির কারণে আসন্ন অর্থনৈতিক সংকট ও সরকারের দুর্নীতির বিষয়টিও। ২০২২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও এই সংসদ নির্বাচনের ফলকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জানুয়ারিতে সংসদ নির্বাচনে বিতর্কের কেন্দ্রে ছিল অর্থনীতি ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি। কিন্তু কিছুদিন পরই বিতর্কের কেন্দ্রে চলে আসে নভেল করোনাভাইরাস।
করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার মডেলটি বেশ কার্যকরী। মিনজু (গণতান্ত্রিক) পাটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সরকার বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা করেছে ও আক্রান্তদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এতে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইউরোপ-আমেরিকা এমনকি প্রতিবেশি চীনের চেয়ে বেশ কম। দক্ষিণ কোরিয়ার সবমিলিয়ে সাড়ে ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২৯ জনের। ইতিমধ্যে প্রায় ৮ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন।এই বিষয়টি মিনজু (গণতান্ত্রিক) পার্টিকে এগিয়ে রেখেছে। তবে বিরোধীরা এই কার্যক্রমের জন্য সরকারকে নয়, বরং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়ে প্রচার চালিয়েছেন।