
আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতের আমির মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলার পর এবার মানি লন্ডারিংয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে মাওলানা সাদ ও তার ট্রাস্টের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে তাবলিগ জামাত নেতাদের আর্থিক লেনদেন তদন্ত করছে সংস্থাটি। এ বিষয়ে ব্যাংক ও গোয়েন্দা এজেন্সিগুলির কাছ থেকে তারা বিভিন্ন নথি পেয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিদেশি এবং ভারতের কয়েকটি উৎস থেকে তাবলিগ জামাতের পাওয়া অনুদান এজেন্সির নজরদারিতে রয়েছে। এর আগে মাওলানা সাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগে মামলা করে দিল্লি পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় সাদের বিরুদ্ধে। এখন তার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ যুক্ত করা হয়েছে। এই অভিযোগে দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। তাবলিগ জামাতের মুখপাত্র মুজিবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গতমাসে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলিগের যে সমাবেশ হয়েছিল, সেখানে যোগ দেওয়ার পর বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কিন্তু জমায়েতের কয়েকজন মারা যাওয়ার পরে হত্যার অভিযোগ দায়ের করা হলো। বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪১৪ জন।