News71.com
 International
 18 Apr 20, 01:03 PM
 338           
 0
 18 Apr 20, 01:03 PM

ভারত লড়ছে করোনার বিরুদ্ধে, পাকিস্তান ছড়াচ্ছে সন্ত্রাস ॥ ভারতীয় সেনাপ্রধান জেঃ নারভানে

ভারত লড়ছে করোনার বিরুদ্ধে, পাকিস্তান ছড়াচ্ছে সন্ত্রাস ॥ ভারতীয় সেনাপ্রধান জেঃ নারভানে

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে একহাত নিলেন সেনা প্রধান এম এম নারভানে। শুক্রবার সীমান্ত জুড়ে পাকিস্তানের উস্কানিতে জঙ্গি কার্যকলাপের কড়া নিন্দা করেন তিনি। এদিন সেনাপ্রধান বলেন গোটা বিশ্ব যখন মারণ করোনা ভাইরাসের মোকাবিলা করছে, তখনও পাকিস্তান নিজের চরিত্র থেকে সরছে না। সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচণায় হামলা চালাচ্ছে পাকিস্তান বলে অভিযোগ সেনাপ্রধানের। কাশ্মীর উপত্যকায় ক্রমাগত অশান্তি ছড়াতে চাইছে পাকিস্তান। করোনা নিয়ে চিন্তা না করে কীকরে সীমান্ত অশান্ত করা যায়, সেইদিকেই নজর রাখছে পাকিস্তান বলে মত সেনা প্রধান নারভানের। দুদিনের সফরে উপত্যকায় এসে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন তিনি। লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে গিয়েছেন সেনাপ্রধান। শুক্রবারই দিল্লি ফেরার কথা তাঁর। পাকিস্তানের এই আচরণ দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করে নারভানে বলেন গোটা বিশ্ব লড়াই করছে একযোগে। মারণ করোনা ভাইরাস থেকে কী করে মুক্তি পাওয়া যায়, সেদিকে নজর সবার। কিন্তু পাকিস্তান এমন এক দেশ, যার শুধু নজর সন্ত্রাসবাদের দিকে। ভারত বিভিন্ন দেশে ওষুধ, চিকিৎসার সরঞ্জান রফতানি করছে, আর পাকিস্তান রফতানি করছে সন্ত্রাসবাদ। শুক্রবার সাতসকালে কাশ্মীরের সোপিয়ান জেলার দারিও কীগান গ্রামে শুরু হয় এনকাউন্টার। বাহিনীর গুলিতে মৃত্যু হয় কমপক্ষে ১ জঙ্গির।

এক সেনা অধিকর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে, সিআরপিএফ ও আর্মির দুটি দল যৌথ ভাবে সার্চিং অপারেশন শুরু করে। জঙ্গিদের আস্তানার কাছে পৌঁছাতেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। খবর অনুযায়ী, বাহিনীর ছোঁড়া গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। ওই এলাকায় এখনও ২-৩ জঙ্গি আটকে রয়েছে বলে অনুমান করা যাচ্ছে। রিপোর্ট বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সর্বাধিক হামলা চালিয়েছে পাকিস্তান, গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১১৪৪টি হামলা হয়েছে। মার্চ মাসেই হয়েছে ৪১১টি হামলা। উল্লেখ্য ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬৮৫টি হামলা হয়েছে। সেখানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ২০১৮ সালে হয়েছে ৬২৭টি হামলা। উল্লেখ্য, একটি রিপোর্ট জমা দিয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, পাক মাটিতে এই মুহূর্তে দুটি জঙ্গি শিবির গড়ে তোলা হয়েছে। লস্কর-ই-তৈবার সাহায্য নিয়ে পাকিস্তানে ওই দুটি জঙ্গি শিবির তৈরি করা হয়েছে। ভারতে ঢুকতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ৪০০-এরও বেশি জঙ্গি। যেকোনওভাবে ওই জঙ্গিদের ভারতে ঢোকানোই এখন পাকিস্তানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন