
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরে পুনরায় ভাইরাসটির সংক্রমণ ঘটবে না এমন ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে বিভিন্ন দেশ অ্যান্টিবডি পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে ডব্লিউএইচও’র জ্যেষ্ঠ মহামারি বিশেষজ্ঞরা এ কথা বলছেন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যাদের ইতিমধ্যে সংক্রমণ ঘটেছে তারা পুনরায় সংক্রমিত হবেন না এই ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।
যুক্তরাজ্য সরকার এরইমধ্যে ৩৫ লাখ সেরোলোজি টেস্টের উপকরণ কিনেছে, যে টেস্টের মধ্য দিয়ে মানুষের রক্তের প্লাজমায় অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। যদিও এই পরীক্ষার মধ্য দিয়ে কোন মাত্রায় করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তা বোঝা যাবে না। অ্যান্টিবডি টেস্টের যেসব পদ্ধতি বেরিয়েছে তার মধ্যে অনেগুলো হচ্ছে পিন প্রিক ব্লাড টেস্ট (আঙুলের ডগা থেকে রক্তের নমুনা নিয়ে পরীক্ষা), যা অনেকটা বিশ্বজুড়ে ব্যবহৃত তাৎক্ষণিক এইচআইভি টেস্টের মতো। এর মধ্য দিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেহে কী মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তা পরিমাপ করা হয়।