News71.com
 International
 19 Apr 20, 09:47 PM
 312           
 0
 19 Apr 20, 09:47 PM

ভারতে করোনা রুখতে মরিয়া চেষ্টা, জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনলেই নাম নথিভুক্তকরণ॥

ভারতে করোনা রুখতে মরিয়া চেষ্টা, জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনলেই নাম নথিভুক্তকরণ॥

আন্তর্জাতিক ডেস্ক: মারণ করোনার সংক্রমণ রুখতে মরিয়া চেষ্টা গোটা বিশ্বে। যুদ্ধকালীন তৎপরতা দেশেও। এবার থেকে সর্দি, কাশির ওষুধ কিনলেই ক্রেতার নাম নথিভুক্ত করতে হবে। ইতিমধ্যেই এই মর্মে ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে চার রাজ্যের সরকার। দেশে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫,৭১২। এর মধ্যে অ্যাক্টিভ কেস ১২,৯৭৪। তবে ২,২৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০৭। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১২। করোনা বাংলায় আক্রান্তের সংখ্যা ৩১০ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। তবে দেশের মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। ওই রাজ্যে ২১১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৬৫১।

করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকারগুলি। এবার জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনতে গেলেই ক্রেতাদের নাম নথিভুক্ত করে রাখার নির্দেশ দিয়েছে ৪ রাজ্যের সরকার। মহারাষ্ট্র, বিহার ,তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই সেরাজ্যের ওষুধের দোকানগুলিতে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও ক্রেতা জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনতে গেলে তাঁর নাম থিভুক্ত করে রাখার পাশাপাশি ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও লিখে রাখতে বলা হয়ছে ওষুধের দোকানগুলিকে। আপাতত তেলাঙ্গনা, মহারাষ্ট্র, বিহার ও অন্ধ্রপ্রদেশেই এই নিয়ম লাগু করা হয়েছে। ক্রেতাদের নাম-ঠিকানা নথিভুক্ত থাকলে পরবর্তী ক্ষেত্রে তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেবে সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য দফতর। তাঁদের করোনা পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা সেব্যাপারেও উপযুক্ত পদক্ষেপ করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন