
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস দ্রুত শনাক্ত করতে ঘানায় ব্যবহার করা হচ্ছে ডেলিভারি ড্রোন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রত্যন্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ড্রোনের মাধ্যমে বড় শহরগুলোতে নেওয়া হচ্ছে।ঘানাকে এই সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান জিপলাইন। ঘানায় করোনা পরীক্ষা দ্রুততর করার অংশ হিসেবে সেদেশে গত ১ এপ্রিল ড্রোন পরিচালনা শুরু করে জিপলাইন।এরমধ্যে গ্রাম এলাকার ১ হাজারটির বেশি স্বাস্থ্যকেন্দ্রে সংগ্রহকৃত নমুনাগুলো রাজধানী আকরা ও দ্বিতীয় বৃহত্তম শহর কুমাসির ল্যাবরেটরিগুলোতে ড্রোনের মাধ্যমে পাঠানো হচ্ছে।এক বিবৃতিতে জিপলাইনের প্রধান নির্বাহী কেলের রিনাউদো বলেন, করোনাভাইরাস পরীক্ষার নমুনাগুলো সরবরাহ করার মধ্য দিয়ে মহামারি পরিস্থিতি সম্পর্কে ধারণা নেয়া হচ্ছে। ঘানায় এখন পর্যন্ত ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন।