
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতির কারণে চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো শুরু করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। ২০ এপ্রিল, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিশেষ ফ্লাইটে ১৬৪ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকে পড়া ১৬৪ জনকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে ইউএস বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।