
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর বেরিয়েছে। একটি অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয় বলে সংবাদে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ এপ্রিল ছিল তার পিতামহ দেশটির সাবেক নেতা কিম ইল সুংয়ের জন্মদিন ও জাতীয় ছুটি। উন এদিনের কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তার শারীরিক সুস্থতা নিয়ে সন্দেহ দানা বাঁধে। সর্বশেষ ১১ এপ্রিল তাকে জনসমক্ষে দেখা যায় বলে সূত্রের বরাতে জানিয়েছে জাপান টাইমস।
পত্রিকাটিকে ওই সূত্র জানায়, গত আগস্ট থেকেই কিম জং উন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশটির পবিত্র পর্বতমালা পাইকতু ভ্রমণের পর সম্প্রতি উনের হৃদযন্ত্রে পুনরায় সমস্যা দেখা দেয়। দক্ষিণ কোরিয়াভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থুলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার এ নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।