
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই মুখে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ইসরাইলে। রোববার রাজধানী তেল আবিবে নেতানিয়াহু বিরোধী এ বিক্ষোভে অংশ নেন অন্তত ২ হাজার মানুষ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার গঠনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।ইসরাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় দুইশ'। লকডাউনে বন্ধ ব্যবসা বাণিজ্য। স্থবির অর্থনীতি। কঠিন এ পরিস্থিতিতে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গ্যান্ট প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছেন।এ খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী তেল আবিবের রাবিন স্কয়ার। কারণ নেতানিয়াহু ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত। বিক্ষোভকারীরা বলছেন, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নির্বাচনী প্রচারণায় একক সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলো। তবে হোয়াইট পার্টি বলছে, করোনা পরিস্থিতিতে তা সম্ভব নয়। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা সংকটকে মাতৃভূমি এবং শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সব ধরনের লড়াই করতে আমরা প্রস্তুত। করোনা সংকটকে কাজে লাগিয়ে গণতন্ত্র এবং সরকার ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা চলছে। দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহুর সঙ্গে বেনি গ্যান্টের জোট সরকার হতে পারে না।সরকারের দুর্নীতির বিষয়ে সোচ্চার হয়ে রাস্তায় নেমে করোনা সংক্রমণের বিষয়টি ভুলে যাননি তারা। সংক্রমণ রোধে মুখে পড়েছেন মাস্ক। রক্ষা করেছেন সামাজিক দূরত্ব। সরকারের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে উড়িয়েছেন কালো পতাকা।