
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় সাস্কাচুয়ান এবং ব্রিটিশ কলম্বিয়ার পর ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে অন্টারিও প্রদেশে। প্রদেশটির ক্যাবিনেট মন্ত্রীদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ধাপে ধাপে অর্থনীতি খুলে দেওয়ার পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। সোমবার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেছেন, আমাদের সতর্কভাবে এগুতে হবে। দীর্ঘ সময়ের জন্য না হলেও আরো বেশ কিছুটা সময় আইসোলেশন, সামাজিক দূরত্বের চর্চা চালিয়ে যেতে হবে।
এর আগে আগামী মাস থেকে স্বল্প পরিসরে অর্থনীতি খোলার পরিকল্পনার কথা জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া। সাসকাচুয়ান এ সপ্তাহেই এই ব্যাপারে তাদের পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে। তিনটি প্রদেশে অর্থনীতি চালুর পরিকল্পনা প্রকাশ করলেও ফেডারেল সরকার এই ব্যাপারে এখনো কিছু বলেনি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের জানিয়েছেন, অর্থনীতি খোলা নিয়ে প্রদেশগুলোর সঙ্গে তিনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে চান বলে জানিয়েছেন।
প্রিমিয়ার ডাগ ফোর্ড সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখা গেছে। তিনি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করার জন্য জনগণকে ধন্যবাদ জানান। তিনি আরো জানান, কী কী শর্তে এবং কী প্রক্রিয়ায় অর্থনীতি খোলা হবে তার একটি কাঠামো দাঁড় করানোর জন্য অর্থমন্ত্রী রড ফিলিপের নেতৃত্বে প্রাদেশিক সরকারের ‘জবস অ্যান্ড রিকোভারি কমিটি’কে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিমিয়ার বলেন, অর্থনীতি খোলার প্রশ্নে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুসারেই সব কিছু করা হবে। কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৮২৯ এবং মারা গেছে ১ হাজার ৬৯০ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১২ হাজার ৫৮৬ জন।