
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে যখন বিশ্ব কাঁপছে, তখন চমক দেখিয়েছে গ্রিস। দিন দিন তারা উন্নতির দিকে যাচ্ছে। ফলে অর্থনৈতিক অবস্থায় প্রাণ ফেরাতে লকডাউন শিথিল করতে চলেছে দেশটি। এথেন্স থেকে রিপোর্টার জন পাসারোপ্লোস আল জাজিরাকে জানান, ইউরোপে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, তখন গ্রিসেও এটি আঘাত হানে। এরপর তারা দ্রুত লকডাউন করে। এখন তারা আবারো আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দ্রুত অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের আশা করছে দেশটি।
গ্রিসের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ডোমিটারে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৪৫ জন। আর মারা গেছেন ১১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭৭ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে এসেছে। ওয়ার্ল্ডোমিটারে আরো বলা হয়, সর্বশেষ ২০ এপ্রিল ১০ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর মারা যায় ৩জন। এরপর আর কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ২৭ এপ্রিল থেকে দেশটিতে লকডাউন শিথিল করা হবে। গ্রিসের এই সাফল্যের বিষয়ে ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, করোনা ভাইরাস মোকাবেলায় গ্রিক সরকারের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ নেয়। প্রতিবেদনে বলা হয়, অ্যাথেন্সে করোনা ভাইরাসে মৃত্যুর খবর প্রকাশের চার দিনের মধ্যে দেশটির যত দোকান রয়েছে সব বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে দেশের সর্বস্তরের জনগণ মেনে চলে। তারা স্বাস্থ্য বিভাগের কর্মীদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করে।