
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এক মাস বন্ধ রাখার পর সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব। আজ মঙ্গলবার একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু করবে সৌদির বিমান কর্তৃপক্ষ। জানা গেছে, জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আজ একটি আন্তর্জাতিক ফ্লাইট দেশ ছেড়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হয়ে যাবে।
এদিকে সৌদির সরকারি বিমান সংস্থা সৌদিয়ার ফ্লাইট চালু হচ্ছে, এ ব্যাপারে স্থানীয় কিছু সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। তবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সত্য নয় বলে জানান সৌদির গণপরিবহন মন্ত্রী এবং সৌদিয়ার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালেহ আল জাসের। তিনি বলেন, ‘এত শিগগিরই বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না।’ গত ২১ মার্চ থেকে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে সৌদি আরব। এ ছাড়া বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সিও ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ রাখার ঘোষণা দেয় সৌদি সরকার।