
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস ঠেকাতে ৩ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন চলবে। ৩ মে’র পরে লকডাউন আর বাড়ানোর পরিকল্পনা নেই দেশটির সরকারের। লকডাউন তুলে দিয়ে নতুন পরিপল্পনা নিয়ে করোনা যুদ্ধে নামতে চায় ভারত। ২১ এপ্রিল, মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউজ১৮। কেন্দ্রীয় সরকার সূত্রের বরাতে খবরে বলা হয়, ৩ মে-র পরে লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। বরং কেন্দ্র এখন লকডাউন শেষের পরের পরিকল্পনা করতে ব্যস্ত। ৩ মে-র পর থেকেই দেশজুড়ে ধীরে লকডাউন তুলে নেবে কেন্দ্র। লকডাউন একেবারে তুলে দেয়া হবে গ্রিন জোনে। তবে রেড জোন ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে। যেভাবে কেরেলায় চলছে।
৩ মে-র পরে লকডাউন শেষে কি এগজিট প্ল্যান রয়েছে কেন্দ্রের?
১. ৩ মে-র পরেও ট্রেন ও প্লেন চালানো না-ও হতে পারে৷ যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২. শুধুমাত্র গ্রিন জোনগুলিতেই লকডাউন উঠে যাবে৷ রেড ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে।
৩. বাড়ি থেকে বেরনোর ব্যাপারে বিধি নিষেধ শিথিল হয়ে যাবে৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি থাকবে।
৪. লকডাউন শেষ হওয়ার পরেও দিল্লি, মুম্বাই, নয়ডা, ইনদোরের মতো এলাকায় নজরদারি চলবে। ওই এলাকাগুলোতে লকডাউন নিয়ম পালন বাধ্যতামূলক।
৫. ১৫ মে-র পরে দেশে করোনা পরিস্থিতি কেমন, তার উপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।