News71.com
 International
 22 Apr 20, 12:28 PM
 350           
 0
 22 Apr 20, 12:28 PM

সংক্রমণের আশঙ্কা ॥ এবার করোনা টেস্ট হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

সংক্রমণের আশঙ্কা ॥ এবার করোনা টেস্ট হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাই, তাঁরও করোনা টেস্ট হবে বলে জানা গিয়েছে। টেস্ট করাতে রাজি হয়েছেন ইমরান খান। এক পাক সমাজসেবীর ছেলে আক্রান্ত হয়েছেন করোনায়। আর তাঁর সঙ্গেই গত সপ্তাহে দেখা হয়েছিল ইমরান খানের। পাকিস্তানে বিখ্যাত সমাজসেবামূলক সংস্থা ‘এধি ফাউন্ডেশনে’র চেয়ারম্যান আব্দুল সত্তর এধির ছেলে ফয়জল আক্রান্ত হয়েছেন করোনায়। জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল তাঁর সঙ্গে ইমরান খানের দেখা হয়েছিল। এরপরই তাঁর করোনার উপসর্গ ধরা পড়ে। এরপরই টেস্ট করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে দেখা করে করোনা ভাইরাস রিলিফ ফান্ডের জন্য ১০ মিলিয়নের একটি চেক তিনি ইমরানের হাতে তুলে দেন। করোনা রুখতে প্রথম থেকেই লড়াই করছে এই এধি ফাউন্ডেশন।

সংস্থার তরফ থেকে এক মুখপাত্র বলেন, ‘এখনও পর্যন্ত তাঁর পরিবারের কারও টেস্ট হয়নি।’ মনে করা হচ্ছে ইসলমাবাদে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন ফয়জল। সেখানে তিনি সপ্তাহ খানেক ছিলেন। পাকিস্তানে বেশীরভাগ আক্রান্ত হয়েছেন সিন্ধ প্রদেশের। এছাড়া রাজধানী ইসলামাবাদ সহ খাইবার পাখতুনখোয়া সহ গিলগিট বালিতিস্তান এলাকার অনেকে আক্রান্ত হয়েছেন। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। সম্প্রতিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত পাকিস্তানে ৯৮৫২২ জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। এছাড়া পরীক্ষার হার বৃদ্ধি করতে ৩৩৩ টি ওষুধ কোম্পানিকে আরও স্যানিটাইজার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রেলমন্ত্রী শেখ রাসিদ আহমেদ জানিয়েছেন বালুচিস্তানে আলাদা করে রেলের তরফে ৩০ টি কোঁচ নিয়ে কোয়ারেন্তাইন ট্রেন তৈরি করা হয়েছে। যাতে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। এছাড়াও বিদেশে আটকে থাকা প্রায় ৪০ হাজার পাকিস্তানিদের ফিরিয়ে আনার জন্য বিদেশি এয়ারলাইনের সঙ্গে পাকিস্তান সরকারের কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে এই ভাইরাসের আক্রমনে মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। থমকে গিয়েছে প্রথম বিশ্বের একাধিক দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন