
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য মাত্র ১৩ দিনে একটি হাপাতাল নির্মাণ করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। দেশটির রাজধানী নুর-সুলতানে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। কাজাখস্তানের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান বিআই গ্রুপ হাসপাতালটি নির্মাণ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব সেন্ট্রাল এশিয়া। আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার হাসপাতালটি চালু করা হয়েছে। এটি নির্মাণে সরকারের বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ডলার। ২০০ শয্যার এই সেবামূলক প্রতিষ্ঠানে একটি ল্যাব, ভেন্টিলেশন ব্যবস্থা, এক্স-রেসহ ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার জন্য যাবতীয় যন্ত্রপাতি রয়েছে। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও হাসপাতালটি চালু রাখা হবে।
এদিকে নুর-সুলতানে হাসপাতালটি নির্মাণের পর ফেসবুকে একটি পোস্ট দেন বিআই গ্রুপের চেয়ারম্যান আইদিন রাখিমবায়েভ। তিনি লেখেন, ‘মাঝারি বাজেটে ১৩ দিনে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এটা কাজাখ বিশেষজ্ঞ ও পুরো নির্মাণ শিল্পের জন্য বিশাল জয়।’ চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রদিবেদনে বলা হয়, কাজাখস্তানের আলমাতা ও শিমকেন্তে নামের দুটি শহরেও করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আরও দুটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, কাজাখস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৯ জন।