
আন্তর্জাতিক ডেস্কঃ লকডাউনের কারণে ভারতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের গতি কমছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের দাবি, লকডাউনের আগে বা শুরুর কয়েকদিন পর ৩ দশমিক ৪ দিনে যে পরিমাণ মানুষ আক্রান্ত হতেন এখন ৭ দশমিক ৫ দিনে সে পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। দেশটিতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩৯৩ জন ও মৃতের সংখ্যা ৬৮১ জন। আর এমন পরিস্থিতিতেও সংক্রমণ কমার গতিতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল। তিনি বলেছেন, এটি অত্যন্ত ইতিবাচক প্রবণতা। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনামুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯টিতে। গত ১৪ দিনে নতুন করে একটাও সংক্রমণের সংখ্যা পাওয়া যায়নি, এমন জেলার সংখ্যাও দেশটিতে বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে মোট জেলার সংখ্যা ৭২০। তার মধ্যে গতকাল বুধবার পর্যন্ত ২৯৪টি জেলায় সংক্রমণের ঘটনা ঘটেনি। বাকি ৪২৬ জেলায় কোনো না কোনো সময় করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এই ৪২৬ জেলার মধ্যে ৬৫টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তার মধ্যে ৪টি জেলায় গত ২৮ দিনেও কোনো করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। এই হিসেবে ভারতের প্রায় অর্ধেক জেলা এখন করোনামুক্ত। পশ্চিমবঙ্গেও ইতিবাচক চিত্র দেখা গেছে। এ রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে এমন তিনটি জেলায় গত ১৪ দিনে নতুন কোনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, লকডাউনের কারণেই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। গত ২৫ মার্চ ভারতে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়। ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা। এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতে মোট সংক্রমণের ৪৫ শতাংশই হয়েছে বড় ছয়টি শহরে। এ শহরগুলো হলো মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, ইন্দোর, পুনে ও জয়পুর। আর মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান ও তামিলনাড় এই পাঁচ রাজ্যে রয়েছে মোট আক্রান্তের ৬০ শতাংশ।