
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার যুক্তরাজ্যে মানুষের দেহে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত ও প্রতীক্ষিত ভ্যাকসিনের যে পরীক্ষা শুরু হয়েছিল বিজ্ঞানীরা সেটির সাফল্যের ব্যাপারে ৮০ শতাংশ আশাবাদী বলে অভিমত ব্যক্ত করেছেন। সরাসরি মানুষের উপরে ভ্যাকসিনের এ পরীক্ষাটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছে সারা গিলবার্ট।
টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিকভাবে যেকোন রোগের বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরিতে অনেক সময় লাগে। এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন যে সরকার এমন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিন খুঁজে বের করতে তার ‘সবকিছু’ করবে। তিনি বলেন, ‘সর্বোপরি, একটি সফল ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হওয়ার গৌরব লাভের জন্য আমরা আমাদের সবকিছু করব।’
যেভাবে তৈরি হচ্ছে ভ্যাক্সিন :
এই ভ্যাকসিনটি একটি শিম্পাঞ্জির দেহ থেকে নেয়া নিরীহ ভাইরাসের সাথে করোনাভাইরাসের কিছু অংশ জিনগতভাবে ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে। যা ১৮ থেকে ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবী, যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের দেহে প্রয়োগ করা হচ্ছে। এজন্য প্রত্যেক স্বেচ্ছাসেবীকে ৬২৫ পাউন্ড করে দেয়া হবে। আগামী মাসের মাঝামাঝি স্বেচ্ছাসেবীদের সংখ্যা ৫০০ জনে উন্নীত করা হবে।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারি থেকে অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে একদল রোগ প্রতিরোধ ও জেনেটিক্স বিশেষজ্ঞ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রচেষ্টা সফল হলে আগামী সেপ্টেম্বর নাগাদ হয়তো কয়েক মিলিয়ন ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে।
করোনাভাইরাসের ভ্যাকসিন ChAdOx1 nCoV-19 তৈরির জন্য যৌথভাবে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ'স ক্লিনিক্যাল টিম এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড জেনার ইন্সটিটিউট কাজ করছে। এমন ভ্যাকসিন তৈরি হলেই কেবল করোনাভাইরাস নিয়ন্ত্রণে এনে লকডাউন তুলে দেয়াসহ জনজীবন আবার স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা যায়।