
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস চীন থেকে সরাসরি নিউইয়র্কে প্রবেশ করেনি, বরং ইউরোপ থেকে প্রবেশ করেছে। এমন তথ্য দিয়েছেন মার্কিন অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুমো। শুক্রবার (২৪ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। কুমো বলেন, তার অঙ্গরাজ্যে ছড়ানো ভাইরাসের উৎস ইতালি হতে পারে। উহানে একটি প্রাদুর্ভাব শুরু হয়েছে এমন খবর আসতে শুরু করার এক মাসেরও বেশি সময় পর ২ ফেব্রুয়ারি চীন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এর পরের মাসে।কিন্তু ওই সময়ের মধ্যেই ভাইরাসটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, গবেষণায় এমনটি দেখা গেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আমরা সামনের দরজাটি বন্ধ করে দেই, যা ঠিকই ছিল; কিন্তু আমরা পেছনের দরজাটা খোলা রাখি যেখানে চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু অন্যান্য দেশে নিষেধাজ্ঞা ছিল না।রয়টার্সের প্রতিবেদন বলছে, কখন এবং কীভাবে ভাইরাসটি প্রথম যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল এবং প্রেসিডেন্টে ট্রাম্প ও গভর্নর কুমোর মতো কর্মকর্তারা আরও আগে পদক্ষেপ নিয়ে আরও কিছু জীবন রক্ষা করতে পারতেন কিনা, এসব প্রশ্নে যুক্তরাষ্ট্রে যখন তীব্র বিতর্ক চলছে তখনই কুমোর কাছ থেকে এসব মন্তব্য এল।