
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়। মহামারী করোনা ভাইরাসে জনসমাগম এড়াতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বিএটি বাংলাদেশ এই সাধারণ সভার জন্য ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকেও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যোগ দেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ যথাক্রমে, আর্থিক বিবরণী ২০১৯, পরিচালকগণের নির্বাচন, বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ, কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ এবং শেয়ার প্রতি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন। এছাড়াও শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। করোনার এই অচল অবস্থার মধ্যেও সময়মত ডিভিডেন্ড দেওয়াকে উল্লেখযোগ্য অবদান বলে মনে করছেন শেয়ারহোল্ডাররা।
২০১৯ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি ২৬ হাজার ৯৮৫ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। অধিকন্তু, কোম্পানির বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি পদক্ষেপ সমূহ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অন্যান্য জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সভায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, কে এইচ মাসুদ সিদ্দীকি, এ. কে. এম. আফতাব উল ইসলাম এফসিএ, মোঃ আবদুল হালিম, মোঃ আবুল হোসেইন, তাহমিনা বেগম, স্টিফ্যান ম্যাথুস এবং হেড অফ পাবলিক এ্যাফেয়ার্স ও কোম্পানি সেক্রেটারি মোঃ আজিজুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।