
আন্তর্জাতিক ডেস্কঃ একেই বলে প্রকৃতির অদ্ভুত খেয়াল। যা বোঝার সাধ্য কারোরই নেই। মানুষ নিজেদের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মনে করে পারিপার্ষিক প্রতিটি ঘটনার একটা করে যৌক্তিক ব্যাক্ষা দাঁড় করিয়ে সেটাকে বিশ্বের দরবারে উপস্থাপন করে। কিন্ত আসলে কোনটা সঠিক আমরা কি আদৌ তা বলতে পারি । এমনই একটি ঘটনা মহামারি করোনা ভাইরাসের মধ্যেই সকলকে তাক লাগিয়ে দিল। বরফে ঢাকা উত্তর মেরুর আকাশে ওজন স্তরে ১০ লাখ বর্গ কিলোমিটারের একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল এটা সকলেরই জানা । পৃথিবীর এই বায়ু মণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ওজনে এ গর্ত সৃষ্টি হওয়ায় ভয়াবহ আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। এ গর্তের ফলে সরাসরি হুমকির মুখে পড়তে বসেছিল গোটা পৃথিবীবাসী। তবে গত কয়েকমাসে মহামারি করোনার মধ্যে সেই গর্ত নিজে থেকেই আবার সারিয়ে তুলেছে পৃথিবী।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের আকাশে বায়ুমণ্ডলের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সেখানকার পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্ত অনেকটাই স্থিতিশীল হয়ে পড়ে। সেইসঙ্গে অঞ্চলটিতে বায়ুমণ্ডলে ক্লোরিন ও ব্রোমাইনের মতো বিষাক্ত কেমিক্যালের উপস্থিতিও বেড়ে যায়, যা পৃথিবীর ওজন স্তরকে নষ্ট করে দিতে সক্ষম। তবে সম্প্রতি ইইউর পক্ষ থেকে কপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) ও কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) নিশ্চিত করেছে যে, পৃথিবীর আশঙ্কা সৃষ্টিকারী এ গর্তটি নিজে থেকেই মিলিয়ে গেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা বায়ুমণ্ডলের নতুন কিছু ছবিও প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে দেখা যাচ্ছে ওজন স্তরের সেরে ওঠার বিষয়টি পরিষ্কার হয়েছে। সূর্য থেকে আসা আলোক রশ্মির ফলে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়। তবে এই আলোর সঙ্গে সেখান থেকে অতি বেগুনি রশ্মিসহ আরো অনেক ক্ষতিকর পদার্থও পৃথিবীতে চলে আসে, যা মানব জাতিসহ অন্যান্য প্রাণীর জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।