
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বারবার সতর্কতা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এক মাসে দেশটিতে কর্মসংস্থান কমে যাওয়ার হার ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় হোয়াইট হাউসকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্টে এ পর্যন্ত ৫৪ হাজার ৩০০ মানুষ মারা গেছে। সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে ৯ লাখ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের মধ্যে অসঙ্কোচ মেলামেশা বাড়লে কোভিড-১৯ ফের নতুন করে ছোবল হানতে পারে। তবে লকডাউনের কড়াকড়ি কমানো ছাড়া ক্রমবর্ধমান বেকারত্ব কমানোর আর কোনো পথ দেখছে না প্রশাসন।
নতুন যে রাজ্যগুলোতে লকডাউন শিথিল হতে যাচ্ছে, সেগুলো হলো কলোরাডো, মিসিসিপি, মন্টানা ও টেনেসি। এর আগে পরীক্ষামূলকভাবে যেসব রাজ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, ওকলাহোমা, আলাস্কা ও সাউথ ক্যালোলাইনা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের আপত্তির কথা বারবার জানালেও অর্থনৈতিক অচলাবস্থার কথা বলে রাজ্যপ্রশাসন ঝুঁকি সত্ত্বেও লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।