News71.com
 International
 28 Apr 20, 12:40 PM
 378           
 0
 28 Apr 20, 12:40 PM

ভারতীয় দৌড়বিদদের জন্য বিশেষ জুতা বানাচ্ছে অ্যাডিডাস॥

ভারতীয় দৌড়বিদদের জন্য বিশেষ জুতা বানাচ্ছে অ্যাডিডাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ খালি পায়েই দৌড়ানো শুরু ভারতীয় তরুণী দৌড়বিদ হিমা দাসের। একবার জাতীয় প্রতিযোগিতার নামার সময় তার বাবা স্পাইক দেয়া জুতো কিনে আনেন। সেই সাদামাটা জুতোর ওপর নিজের হাতে ‘অ্যাডিডাস’ লিখে দৌড়াতে নামেন হিমা। তার সাফল্যে এখন অ্যাডিডাস হিমার নামাঙ্কিত বিশেষ জুতা তৈরি করছে! ২০১৮ সালে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ের পরপরই পাল্টে যেতে থাকে হিমার ক্যারিয়ার। এক ধাক্কায় ভারতের জাতীয় পর্যায়ের তারকায় পরিণত হন এই লড়াকু তরুণী। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে জীবনের কঠিন সব দিনের গল্প জানালেন ২০ বছর বয়সী হিমা দাস।

তিনি বলেন, “আমি যখন দৌড় শুরু করি, তখন খালি পায়েই দৌড়াতাম। প্রথমবার জাতীয় প্রতিযোগিতায় নামার সময় বাবা স্পাইক দেওয়া জুতা কিনে এনেছিলেন। ওটা ছিল একেবারেই সাদামাটা দৌড়ানোর জুতা। আমি তাতে নিজের হাতে ‘অ্যাডিডাস’ লিখেছিলাম। কপালে কী থাকে তা কি কেউ জানে। অ্যাডিডাস এখন নিজেই জুতা বানিয়ে তাতে আমার নাম লিখে দিচ্ছে।” ফিনল্যান্ডে স্বর্ণ জয়ের পরপরই সেই অ্যাডিডাসেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন হিমা। তখন থেকেই তার নামে জুতা তৈরি করতে থাকে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে সফল হওয়ার পর আসামে ফেরার সময় গুয়াহাটি বিমানবন্দরে জনতার অভ্যর্থনায় হিমা অভিভূত হয়ে পড়েছিলেন বলেও এসময় জানান। পরে বহু তরুণ-তরুণীর জন্যই হিমাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে সুরেশ রায়না টুইট বার্তায় লিখেন, ‘শুধু আমি একাই নই, আর যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা সবাই নিশ্চিতভাবেই তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তুমি সমস্ত মেয়েদের কাছে রোল মডেল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন