
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস শনাক্ত করতে চীনের কিটকে ‘কাজের অযোগ্য’ দাবি করেছেন ভারত সরকার। ফলে করোনা শনাক্তের কিটের জন্য চীনের কাছে আগে দেওয়া অর্ডারও বাতিল করেছে দেশটি। সেই সঙ্গে চীনের ওই দুই প্রতিষ্ঠানের তৈরি কিট ব্যবহার না করার জন্য ভারতের সকল রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়েছে তারা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দাবি, করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্তের জন্য পরীক্ষাগারে ব্যবহার হওয়া চীনের গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগনস্টিকের তৈরি কিট একদমই ‘কাজের অযোগ্য’ বলে প্রমাণিত হয়েছে। এই সিদ্ধান্তে আসার আগে তারা গত দীর্ঘ সময় ধরে বহুভাবে পরীক্ষা নিরিক্ষা করে এর অযোগ্যতার প্রমানও পেয়েছেন।
গতকাল সোমবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইতিপুর্বে চীন থেকে করোনা কিট আনতে যে অর্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। অর্ডার করার পর তাই কোনো টাকাও দেওয়া হয়নি চীনকে। দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, অযোগ্য ওই কিট কিনে এক টাকাও অপচয় করতে নারাজ ভারত সরকার। এর আগে ভারতে করোনা শনাক্তের জন্য ধীর গতির কিটের পরিবর্তে ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চীনের তৈরী ঐ কিটগুলির নির্ভুলতার হার মাত্র ৫.৪ শতাংশ। অর্থাৎ শতকরা প্রায় ৯৫ শতাংশই ভূল রিপোর্ট দিচ্ছে । আইসিএমআর জানায়, তারা এখনও রাপিড টেস্ট কিট ব্যবহারে রাজি হয়েছে। তবে সেগুলো সস্তা এবং দ্রুত ফলদায়ী।