
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে সাংবাদিকদের তিনি এমনটি জানান। বাইডেন বলেন, ওটা সরানো উচিৎ হয়নি। তবে এটা হয়ে গেছে। আমি এটাকে আর তেল আবিবে ফিরাবো না। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য আরেকটি মার্কিন দূতাবাস খোলা হবে বলে জানায় জো বাইডেন।
২০১৮ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখলকৃত জেরুজালেমে সরিয়ে আনে। ফিলিস্তিনিরা মনে করে, এই দূতাবাস খোলার অর্থ পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুজালেম মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি সবার কাছেই পবিত্র বলে বিবেচিত। শত শত বছর ধরে জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বাসিন্দা, আঞ্চলিক শক্তি ও আক্রমণকারীরা লড়াই করেছে। সর্বশেষ এই পবিত্র ভূমি দখলে মরিয়া হয়ে উঠেছে দখলদার ইসরায়েল।
১৯১৭ সালে ‘বেলফোর ঘোষণার’ পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমিতে ইহুদি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল। ওই বছরই আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডসহ বেশ কিছু আরবভূমি দখল করে নেয় ইসরায়েল। এরপর ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের প্রায় পুরোটাই ও মিসরে সিনাইয়ের কিছু ভূমিও দখল করে ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের হটিয়ে তাদের জমির ওপর প্রায় সাড়ে ছয় লাখ ইহুদিবসতি গড়ে তুলেছে দখলদার ইসরায়েল।