
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাব্য ব্যক্তিদের সতর্কসংকেত হিসেবে উল্লেখ করে ১৩টি উপসর্গ চিহ্নিত করেছে। সে রকম অবস্থা দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুপারিশ করা হয়েছে। হালকা উপসর্গ দেখা দেওয়া যেসব রোগীকে বাড়িতে অবস্থান করতে কিংবা বিশেষ কোনো জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বলা হয়েছে, তাঁদের জন্য মূলত এই তালিকা তৈরি করা হলেও অন্যরাও এর থেকে নিজেদের অবস্থা সম্পর্কে জেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সেদিক থেকে এটা হচ্ছে সময়োপযোগী এক পদক্ষেপ, যা কিনা অযথা ভয় পাওয়া থেকে অনেককে রক্ষা করবে এবং অন্যদিকে আবার সংক্রমণ নিয়ে দোদুল্যমানতায় যাঁরা ভুগছেন, বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হতে তাঁদের উৎসাহিত করবে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগে থেকে নিশ্চিত হতে পারলে চিকিৎসা প্রক্রিয়া যেহেতু সহজ হয়ে যায়, ফলে সেদিক থেকেও এটা হচ্ছে উপকারী এক তালিকা। তালিকাটি এ রকম: ১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া, ২. দ্রুত শ্বাস নেওয়া, ৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি, ৪. অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া, ৫. বুকে ব্যথা, ৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা, ৭. শ্বাস নিতে কষ্ট হওয়া, ৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা, ৯. অনিয়মিত নাড়ির স্পন্দন এবং মনো-নির্ভর ৪টি উপসর্গ হচ্ছে: ১. মলিন চেহারা, ২. অদ্ভুত আচরণ করা, ৩. অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া, ৪. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা।জাপানে বর্তমানে হালকা উপসর্গ দেখা দেওয়া অনেক রোগীকে বাড়িতে থাকতে কিংবা বিশেষভাবে ব্যবস্থা করা হোটেলে রাখা হচ্ছে। হাসপাতালগুলোর ওপর অযথা চাপ সৃষ্টি হওয়া কিছুটা হলেও কমিয়ে আনতে এই ব্যবস্থা। রোগীদের মধ্যে ১৩টি উপসর্গের যেকোনো একটি দেখা গেলে দ্রুত এদের হাসপাতালে স্থানান্তরিত করা হবে।