
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরে উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকায় সেনা সদস্যদের গাড়ি বহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ সেনা সদস্য হতাহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির সেনা মুখপাত্র তামের আল রিফাই জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের মধ্যে বাইর আল আবেদ শহরের এক কর্মকর্তা রয়েছেন।তবে এ ঘটনায় কতজন নিহত ও কতজন আহত হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনা-একনায়ক আবদেল ফাতাহ আল-সিসির ক্ষমতা নেয়ার পর থেকেই মিসরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সিনাই উপত্যকাকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম।২০১৪ সালে উপত্যকায় এক আত্মঘাতী হামলায় ৩৩ সৈন্য নিহত হওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করেন সিসি। শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান। ওই জরুরি অবস্থার মধ্যেই ২০১৭ নভেম্বরে উত্তর সিনাইয়ের একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়।সিনাই উপত্যকা থেকে আইএস ও এর সংশ্লিষ্ট গোষ্ঠী দমনে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু করে মিসরের সেনাবাহিনী। এ সব অভিযানে হাজারো সন্দেহভাজন জঙ্গি ও সেনা সদস্য নিহত হয়েছে।