
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার দাবিতে বৃহস্পতিবার কয়েকশ’ মানুষ সশস্ত্র বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশ নেয়া মানুষের একাংশ আইনসভা-কক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ারও চেষ্টা করেন। পুলিশ তাদের প্রতিহত করে।অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হোয়াইটমার সম্প্রতি ওই অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই ‘আমেরিকা’স প্যাট্রিয়ট র্যালি’ নামে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে এ বিক্ষোভ প্রদর্শিত হয়। মিশিগানে ৩ হাজার ৮৬৬ জন মানুষ এরইমধ্যে করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ।বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই মুখে মাস্ক ছিল না। এদের একাংশ সশস্ত্র ছিল।
এসময় তারা আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা যায়। তবে বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের নিরস্ত করে। বিক্ষোভকারীদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হয়। ১ মে’র মধ্যে লকডাউন তুলে নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৭৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ২৮০ জন। শনিবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৫৬২ জন। বিশ্বের মোট মৃত্যুর ১ চতুর্থাংশের বেশিই হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।