
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার পর্তুগুয়েসা রাজ্যের লস লিয়ানোস কারাগারে দাঙ্গায় ৪৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (০১ মে) এ দাঙ্গার ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। খবর আল জাজিরার।ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি জানিয়েছে, সম্প্রতি প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে দেশটির কারাগারগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়। নতুন নিয়মে স্বজনদের কাছ থেকে খাবার প্রাপ্তি বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দীদের মধ্যে।তবে কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীরা জেল পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীসহ গভর্নরও আহত হয়েছেন।ভেনেজুয়েলার কারা মন্ত্রী আইরিস ভ্যারেলা জানিয়েছেন, কারাগারটিতে দাঙ্গার ঘটনা ঘটেছে। তবে এতে কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি তিনি।উল্লেখ্য, এখন পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মারা গেছেন অন্তত ১০ জন।